দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি, ৫ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গেও ভারী বর্ষণের পূর্বাভাস

দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি, ৫ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গেও ভারী বর্ষণের পূর্বাভাস। জানুন আজকের ও আগামীকালের বিস্তারিত আবহাওয়া।

Share:

ব্যুরো নিউজ, ৪ জুন ২০২৬ঃ খামখেয়ালি আবহাওয়ায় অতিষ্ঠ বঙ্গবাসীর জন্য অবশেষে সুখবর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে স্বস্তির বৃষ্টি। তীব্র গরমের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আজ বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তন আসছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে বিক্ষিপ্ত থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির ভ্রূকুটি রয়েছে।

বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া এবং পূর্ব মেদিনীপুর এই তালিকায় রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও কালবৈশাখী সহ বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা নামতে পারে, যা বঙ্গবাসীকে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি দেবে।