দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। জেনে নিন বিস্তারিত আবহাওয়ার খবর।

Share:

ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী ১৪ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একাধিক জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, নদিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এই সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতও হতে পারে। টানা ঝড়-বৃষ্টির জেরে কয়েকটি জেলায় তাপমাত্রা সামান্য কমতে পারে।

১০, ১১ ও ১২ জুন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে, আগামী ২-৩ দিনের মধ্যে উত্তরবঙ্গ ও সিকিমে বর্ষার প্রবেশ ঘটবে বলে আশা করা হচ্ছে। সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা নির্ধারিত সময়ে প্রবেশ করবে না বলেই আবহাওয়া দফতর জানিয়েছে।

উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ‘কমলা সতর্কতা’ জারি হয়েছে এই অঞ্চলগুলিতে। ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এই টানা বৃষ্টিতে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।