ব্যুরো নিউজ, ১৪ আগস্ট ২০২৬: বর্ষার মরসুমে বাঙালির পাতে পদ্মার ইলিশ না পড়লে যেন ভোজন রসিকদের মন ভরে না। কিন্তু ওপার বাংলার সাম্প্রতিক পরিস্থিতির জেরে দীর্ঘদিন ধরেই ইলিশ রফতানি বন্ধ রয়েছে। গত বছর পুজোর আগে সামান্য কিছু ইলিশ এলেও, এবার বর্ষা প্রায় শেষ হতে চললেও পদ্মার ইলিশের দেখা নেই। এই ইলিশ সংকট কাটাতে এবার বড় পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
জানা গিয়েছে, ইলিশ আমদানিকারকদের একটি প্রতিনিধি দল শীঘ্রই ঢাকা যাচ্ছে। সূত্রের খবর, ভারতীয় হাইকমিশনার দীনেশ দ্বিবেদের সঙ্গে পশ্চিমবঙ্গের বাণিজ্য সচিবের বৈঠক হতে পারে। সেখানে পদ্মার ইলিশ বাংলায় আমদানির জন্য অনুরোধ জানানো হবে বলেই অনুমান। আমদানিকারক সংগঠনের মুখ্য পরিচালক অতুলচন্দ্র দাস জানিয়েছেন, “আশা করছি বৈঠকের মাধ্যমে ইতিবাচক সংকেত আসবে। বর্ষার সময় বাঙালি চাতক পাখির মতোই পদ্মার ইলিশের অপেক্ষায় থাকে।”
উল্লেখ্য, ২০১২ সাল থেকে বাংলাদেশ ভারতে ইলিশ রফতানি বন্ধ রেখেছিল, তিস্তা জলবন্টন নিয়ে জটিলতাকে কারণ হিসেবে দেখানো হয়েছিল। ২০১৯ সালে ফের ইলিশ আসে এপার বাংলায়। গত বছর বাংলাদেশ সরকার ১২০০ টন ইলিশ রফতানির অনুমোদন দিলেও, শেষ পর্যন্ত ৫০০ টন ইলিশ এসেছিল। এবার পুজো এসে গেলেও ইলিশের দেখা নেই। বর্তমানে গঙ্গার ইলিশের জোগান মিললেও, স্বাদে ও আকারে তা পদ্মার ইলিশের সমকক্ষ নয়। এখন দেখার, ইলিশ রফতানি নিয়ে ওপার বাংলা কী সিদ্ধান্ত নেয়।







