ব্যুরো নিউজ, ১৪ আগস্ট ২০২৬: রাজ্যের ছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং নারী ক্ষমতায়নে এক যুগান্তকারী পদক্ষেপ নিল ডবল ইঞ্জিন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আনুষ্ঠানিকভাবে ‘কন্যারত্ন’ প্রকল্পের শুভ সূচনা করলেন। পূর্বতন সরকারের কন্যাশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে এই নতুন প্রকল্প চালু করা হয়েছে, যা বাংলার ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচির অংশ। এই প্রকল্পের আওতায় রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রী আর্থিক সহায়তা পাবে। মুখ্যমন্ত্রী আজ ‘কন্যারত্ন দিবস’ পালনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করেন।
জানানো হয়েছে, প্রথম দিনেই মোট ১০ লক্ষ ৭৭ হাজার ছাত্রীর অ্যাকাউন্টে সরাসরি অর্থ সহায়তা পাঠানো হয়েছে। এর মধ্যে ৯ লক্ষ ৪৮ হাজার ছাত্রীকে ১০০০ টাকা করে এবং ১ লক্ষ ২৯ হাজার ছাত্রীকে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। সব মিলিয়ে রাজ্য সরকার আজ ছাত্রীদের জন্য প্রায় ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও ঘোষণা করেছেন যে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রীদের পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যাওয়া রুখতে রাজ্য সরকার ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেবে। এই ঘোষণা আগেই বাজেটেই করা হয়েছিল। শিশু ও নারী কল্যাণ দফতর, শিক্ষা দফতর এবং অন্যান্য সংশ্লিষ্ট দফতরগুলি একযোগে কাজ করে এই ‘কন্যারত্ন’ প্রকল্পের মাধ্যমে নারীদের সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করবে। এই প্রকল্প রাজ্যের ছাত্রীদের উচ্চশিক্ষার পথ সুগম করবে এবং তাদের স্বাবলম্বী হতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।







