ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)-র আওতায় থাকা উপভোক্তাদের জন্য এক বড়সড় ধাক্কা দিয়েছে। এতদিন বছরে ৯টি ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডার পেলেও, এবার থেকে তা কমিয়ে মাত্র ৪টি করা হয়েছে। এই সিদ্ধান্তে দেশের কোটি কোটি গরিব পরিবারগুলির রান্নাঘরের বাজেট এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, উজ্জ্বলা গ্রাহকদের গড় বার্ষিক গ্যাস ব্যবহারের খতিয়ান খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রকের দাবি, বছরে গড়ে চারটির বেশি সিলিন্ডারের প্রয়োজন হয় না অনেক গরিব পরিবারের।
উল্লেখ্য, ২০১৬ সালে চালু হওয়া এই প্রকল্পে শুরুতে বছরে ১২টি সিলিন্ডার ভর্তুকি সহ পাওয়া যেত। গত বছর তা কমিয়ে ৯টি করা হয়েছিল। এবার তা আরও কমিয়ে ৪-এ নামিয়ে আনা হলো। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল যখন দুদিন আগেই রান্নার গ্যাসের দাম ২৯ টাকা বাড়ানো হয়েছে। কলকাতায় এখন সিলিন্ডার প্রতি দাম ৯৬৮ টাকা। মন্ত্রকের দাবি, আন্তর্জাতিক বাজারের তুলনায় ভারতে গ্যাসের দাম এখনও কম। কিন্তু এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের, বিশেষত উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের উপর আর্থিক চাপ বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।







