ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ ফলতার স্বঘোষিত ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে কড়া নিরাপত্তায় কাকভোরে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হলো। মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ তাকে আদালতে নিয়ে আসা হয়, সেই সময় আদালত চত্বর ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীতে ছয়লাপ। আদালত তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। সোমবার জাহাঙ্গির খানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই ফলতায় জনরোষ আছড়ে পড়ে।
শ্রীরামপুরের তার দলীয় কার্যালয়, তালাবন্ধ বাড়ি ও একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়। জনরোষের কথা মাথায় রেখেই ফলতা থানা থেকে ভোরবেলা তাকে আদালতে আনা হয় বলে মনে করা হচ্ছে। তোলাবাজি, হুমকি, বাড়ি ভাঙচুর, এলাকা দখল ও হিংসা ছড়ানোর মতো একাধিক অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গির। সোমবার রাজ্য পুলিশের এসটিএফ তাকে ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে। বাগডোগরা থেকে কলকাতায় এনে পরে ফলতায় নিয়ে যাওয়া হয়।
সূত্রের খবর, ডায়মন্ড হারবারে জাহাঙ্গিরের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। ভাঙচুরের পর জাহাঙ্গিরের কার্যালয় থেকে বিপুল পরিমাণ মদের বোতল, ত্রাণসামগ্রী ও স্বাস্থ্য শিবিরে বিতরণের জন্য বরাদ্দ চশমা উদ্ধার করা হয়। অভিযোগ, এই সামগ্রী প্রকৃত প্রাপকদের না দিয়ে মজুত রাখা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। জাহাঙ্গির খান একসময় তৃণমূলের প্রার্থী ছিলেন।







