বাংলায় ইলেকট্রনিক্স হাব: ২.৫৮ লক্ষ কোটি বিনিয়োগের হাতছানি, কর্মসংস্থান বৃদ্ধির আশা

পশ্চিমবঙ্গে ২.৫৮ লক্ষ কোটি বিনিয়োগে ইলেকট্রনিক্স উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা। কর্মসংস্থান বৃদ্ধি ও শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন।

Share:

ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ পশ্চিমবঙ্গ ইলেকট্রনিক্স উৎপাদন শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচনের পথে। কেন্দ্রের মডিফাইড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাসটার ২.০ (EMC 2.0) প্রকল্পকে কাজে লাগিয়ে রাজ্যে ২.৫৮ লক্ষ কোটি টাকা বিনিয়োগে একটি বৃহৎ ইলেকট্রনিক্স উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই উদ্যোগ সফল হলে মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রাংশ এবং কনজিউমার ইলেকট্রনিক্স উৎপাদনে পশ্চিমবঙ্গ এক নতুন শিল্প সম্ভাবনার দুয়ার খুলবে।

সরকারি সূত্র অনুযায়ী, উত্তর ২৪ পরগনার নৈহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার ফলতাকে এই প্রকল্পের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই দুই এলাকাতেই রয়েছে পূর্ববর্তী EMC 1.0 প্রকল্পের অধীনে তৈরি শিল্পাঞ্চল। কলকাতার নৈকট্য, বন্দর সুবিধা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এই অঞ্চলগুলিকে ইলেকট্রনিক্স উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা উজ্জ্বল। রাজ্য সরকার এই শিল্পাঞ্চলগুলিতে আধুনিক পরিকাঠামো, যেমন – প্লাগ-এন্ড-প্লে ফ্যাক্টরি শেড, পরীক্ষা ও সার্টিফিকেশন কেন্দ্র, উন্নত লজিস্টিক সাপোর্ট এবং কম্পোনেন্ট উৎপাদন সুবিধা তৈরির পরিকল্পনা করছে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিকাঠামো দেশ-বিদেশের ইলেকট্রনিক্স সংস্থাগুলিকে বিনিয়োগে আকৃষ্ট করবে। এর ফলে রাজ্যে কর্মসংস্থান বাড়বে এবং রাজ্যের শিল্প কাঠামো আরও শক্তিশালী হবে। কেন্দ্র সরকারের EMC 2.0 প্রকল্পের আওতায় মোট প্রকল্প খরচের ৫০ শতাংশ পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে। রাজ্য সরকার ইতিমধ্যেই কেন্দ্রের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন করেছে এবং অনুমোদন পেলেই পরবর্তী ধাপে কাজ শুরু হবে।