ব্যুরো নিউজ, ১১ জুন ২০২৬ : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে তুমুল দুর্যোগ। গত কয়েকদিন ধরেই আকাশ কালো করে বাংলাজুড়ে চলছে বৃষ্টিপাত।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত প্রাক-বর্ষার জেরে এই দুর্যোগ চলবে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরও অগ্রগতির জন্য পরিস্থিতি ক্রমশ অনুকূল হয়ে উঠছে। বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতার অনুপ্রবেশ এবং উত্তর-পশ্চিম বিহারের উপর সৃষ্ট একটি ঘূর্ণাবর্তের কারণে সমগ্র অঞ্চল জুড়ে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) দুর্যোগপূর্ণ থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আজ হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হুগলী জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও বর্ষার জেরে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামীকালের আবহাওয়াতেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।







