পশ্চিমবঙ্গের একাধিক স্টেশনের নাম বদলের প্রস্তাব! আদিনা হবে আদিনাথ, কাটোয়া হবে অজয়পুর?

পশ্চিমবঙ্গের একাধিক রেল স্টেশনের নাম বদলের প্রস্তাব রেল বোর্ডের কাছে। বর্ধমান, কাটোয়া, তারকেশ্বর সহ একাধিক স্টেশনের সম্ভাব্য নতুন নাম জানুন।

Share:

ব্যুরো নিউজ, ১১ জুন ২০২৬ : রাজ্যে ক্ষমতা বদলের পর থেকেই রেল প্রকল্পে নতুন গতি এসেছে। ভারতীয় রেলের উদ্যোগে বাংলার বিভিন্ন প্রান্তে রেলপথ তৈরির পাশাপাশি নৈহাটি-রানাঘাট সেকশনে থার্ড লাইনের কাজও শেষ হয়েছে। এই আবহে এবার পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব রেল বোর্ডের কাছে পেশ করা হয়েছে বলে খবর। যদিও এই খবরের সত্যতা এখনও যাচাই করা হয়নি, তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্ট এবং কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্যের বিভিন্ন এলাকার ঐতিহাসিক, আঞ্চলিক এবং ধর্মীয় পরিচয়কে আরও সুস্পষ্ট করতেই এই নাম বদলের উদ্যোগ।

প্রস্তাবিত তালিকায় বর্ধমান, কাটোয়া, আলুবাড়ি রোড, অম্বিকা কালনা, তারকেশ্বর, নবদ্বীপ ধাম, শান্তিপুর, জমিরঘাটা, আদিনা, জঙ্গিপুর রোড, সামসি, আজিমগঞ্জ, চমগ্রামের মতো একাধিক স্টেশন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু পরিবর্তনের প্রস্তাব হল: বর্ধমান জংশন হতে পারে বর্ধমান মহাবীর ধাম জংশন, কাটোয়া জংশন বদলে অজয়পুর জংশন হতে পারে। আলুবাড়ি রোড স্টেশনের নাম বদলে ঈশ্বরপুর আলুবাড়ি জংশন এবং তারকেশ্বর স্টেশন শ্রী তারকেশ্বর ধাম জংশন হতে পারে। এছাড়াও, অম্বিকা কালনা স্টেশনের নাম বদলে শ্রী অম্বিকা দেবী কালনা এবং জঙ্গিপুর স্টেশনের নাম জঙ্গিপুর রঘুনাথগঞ্জ করার প্রস্তাব রয়েছে। রেল বোর্ড এই প্রস্তাব বিবেচনা করছে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টগুলিতে দাবি করা হচ্ছে, গোটা বিষয়টি এই মুহূর্তে ভারতীয় রেলের বিবেচনাধীন। যদি রেল অনুমতি দেয়, তাহলে খুব শীঘ্রই এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি হতে পারে। এই নাম পরিবর্তনগুলি রাজ্যের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যকে আরও তুলে ধরবে বলে মনে করা হচ্ছে।