অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের আগাম জামিনের দ্রুত শুনানির আবেদন খারিজ হাই কোর্টে, জারি গ্রেপ্তারি পরোয়ানা

অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। আগাম জামিনের দ্রুত শুনানির আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট।

Share:

ব্যুরো নিউজ, ১৫ জুন ২০২৬ঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা। জমি দুর্নীতি ও প্রার্থী করার নামে তোলাবাজির মতো গুরুতর অভিযোগে এই মুহূর্তে মেদিনীপুর জেলা পুলিশের স্ক্যানারে রয়েছেন সুমিত রায়। শনিবার থেকে শালবনি থানার পুলিশ তাঁর খোঁজ শুরু করলে তিনি ‘বেপাত্তা’ হয়ে যান। এর পরই পুলিশের আবেদনে মেদিনীপুর আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

সোমবারই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন সুমিতের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে তাঁর আগাম জামিনের আবেদন গ্রহণ করে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। তবে বিচারপতি সেই আবেদন খারিজ করে দেন। ফলে খানিকটা বিপাকেই পড়েছেন অভিষেকের আপ্তসহায়ক। মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং বর্তমানে জেলবন্দি সুজয় হাজরা সুমিত রায়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছিলেন। এই অভিযোগের তদন্তে নেমেই পুলিশ সুমিত রায়ের খোঁজ শুরু করে। হাই কোর্টের এই রায়ের পর সুমিত রায়ের উপর চাপ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।