বর্ষায় মেঘহীন ভারত, স্যাটেলাইট চিত্রে আতঙ্ক! বৃষ্টির ঘাটতি ৬৪%

বর্ষায় মেঘহীন ভারত, উপগ্রহ চিত্রে আতঙ্ক! জুনের শুরুতে ৬৪% বৃষ্টির ঘাটতি। কবে ফিরবে বৃষ্টি?

Share:

ব্যুরো নিউজ, ১৫ জুন ২০২৬ঃ জুনের শুরুতেই দেশজুড়ে থমকে গেল মৌসুমি বায়ু। ১৫ জুনের উপগ্রহ চিত্র অনুযায়ী, ভারতের আকাশে মেঘের দেখা মিলছে না, যা এক নজিরবিহীন পরিস্থিতি। ভারতের আবহাওয়া দপ্তরের  তথ্য অনুযায়ী, গত ৪ জুন থেকে ১৫ জুনের মধ্যে দেশজুড়ে বৃষ্টির ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৬৪ শতাংশ। স্বাভাবিকভাবে এই সময়ে যেখানে ৫৩.৭ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, সেখানে হয়েছে মাত্র ১৯.২ মিলিমিটার। দক্ষিণ, মধ্য এবং পূর্ব ভারতের একটি বড় অংশ জুড়ে বৃষ্টির এই বিপুল ঘাটতি স্পষ্ট। ১৫ জুনের ‘INSAT-3DS’ স্যাটেলাইট চিত্রেও দেখা যাচ্ছে, দক্ষিণ ও মধ্য ভারতের আকাশ প্রায় মেঘহীন।

বর্ষার মেঘ কেবল হিমালয় সংলগ্ন এলাকা এবং উত্তর-পূর্ব ভারতে সীমিত। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বায়ুমণ্ডলের উচ্চস্তরে শক্তিশালী ‘ওয়েস্টার্লি জেট স্ট্রিম’ অনেকখানি দক্ষিণে সরে আসায় ‘ইস্টার্লি জেট স্ট্রিম’-এর স্বাভাবিক চক্র ব্যাহত হচ্ছে, যা বর্ষার প্রধান ইঞ্জিন। তবে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, বর্ষা ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশজুড়েই বৃষ্টির দাপট দেখা যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।