নেমারের চোটের ধাক্কা: বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও মাঠে নামছেন না ব্রাজিলের তারকা

চোটের কারণে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও মাঠে নামছেন না ব্রাজিলের তারকা নেমার। হাইতির বিরুদ্ধে ম্যাচ খেলতে দলের সঙ্গে ফিলাডেলফিয়া যাচ্ছেন না তিনি। নিউ জার্সিতেই চলবে রিকভারি।

Share:

ব্যুরো নিউজ, ১৮ জুন ২০২৬ঃ ব্রাজিল ফুটবল শিবিরে ফের দুঃসংবাদ। চোটের কারণে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও মাঠে নামতে পারবেন না তারকা ফরোয়ার্ড নেমার জুনিয়র। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাইতির বিরুদ্ধে ম্যাচে নেমারকে পাওয়া যাবে না। দলের সঙ্গে ফিলাডেলফিয়া না গিয়ে তিনি নিউ জার্সিতেই থাকবেন চূড়ান্ত পর্যায়ের রিকভারির জন্য।

প্রথমে একা, তার পর দলের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন নেমার। এতে তাঁর দ্রুত মাঠে ফেরার বিষয়ে আশার আলো দেখেছিলেন বহু সমর্থক। কিন্তু সেই আশা এক দিনেই নিভে গেল। ব্রাজিল ফুটবল সংস্থার তরফে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, নিউ জার্সির রিজ হোটেল এবং কলম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারের উন্নত পরিকাঠামোয় নেমার তাঁর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া চালিয়ে যাবেন। কবে তিনি মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে অবশ্য কোনও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

মঙ্গলবার একা অনুশীলনে নামার পর বুধবার গোটা দলের সঙ্গে গা ঘামিয়েছিলেন নেমার। তাঁকে বেশ হাসিখুশি মেজাজেও দেখা গিয়েছিল। বল নিয়েও খানিক ক্ষণ অনুশীলন করেন তিনি। তবে চিকিৎসকদের মতে, স্যান্টোসের হয়ে খেলতে গিয়ে পাওয়া চোট যতটা মনে করা হয়েছিল, তার থেকেও গুরুতর। ২০২৩ সালের ১৭ অক্টোবরের পর থেকে ব্রাজিলের হয়ে মাঠে নামেননি নেমার।

চোটের কারণে প্রায় ৭০০ দিন মাঠের বাইরে ছিলেন তিনি। যদিও শনিবারের ম্যাচের আগে কোচ আনচেলোত্তি নেমারের দ্রুত প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী ছিলেন। তিনি বলেছিলেন, নেমার কঠোর পরিশ্রম করছেন এবং পরের সপ্তাহেই দলের সঙ্গে যোগ দেবেন। তবে আপাতত সেই অপেক্ষা আরও বাড়ল।