নিউজ ব্যুরো, ২৪ জুন ২০২৬: বর্ধমান থেকে অপহৃত ১৮ দিনের এক সদ্যোজাত শিশুকে হাওড়ার মালিপাঁচঘড়া এলাকা থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত স্বামী-স্ত্রী একটি শিশু পাচার চক্রের সঙ্গে সরাসরি যুক্ত। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, হুগলির ভদ্রেশ্বর থানার জগদ্ধাত্রীপল্লির বাসিন্দা শম্ভু দেবনাথ গত চার বছর ধরে পরিবার নিয়ে বর্ধমান থানার দুবরাজদিঘি শোলাপুকুর এলাকার রেলের পরিত্যক্ত কোয়ার্টারে থাকেন। গত ১৮ জুন রাতে দেবনাথ দম্পতির ১৮ দিনের পুত্রসন্তানটি মায়ের পাশ থেকে উধাও হয়ে যায়। সঙ্গে চুরি যায় মায়ের মোবাইল ফোনও।
রাতেই বর্ধমান থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ পেয়েই তদন্তে নামে বর্ধমান থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক সন্দেহভাজন মহিলাকে চিহ্নিত করা হয়। এরপর ১৯ জুন তপিকা বিবি নামে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বামী নিলু শেখের মাধ্যমে শিশুটিকে পাচার করা হয়েছে। তপিকাকে সঙ্গে নিয়েই হাওড়ার মালিপাঁচঘড়া এলাকার একটি বাড়ি থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিল নিলু। পরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নীল গেঞ্জি পরে মোটরবাইকে চেপে বর্ধমান শহরে আসা নিলুকে কার্জন গেটের কাছে ধাওয়া করে। বাইক ফেলে পালানোর চেষ্টা করলেও শেষপর্যন্ত জেলাশাসকের অফিসের পাশের একটি গলি থেকে তাকে পাকড়াও করা হয়। ধৃতদের বিরুদ্ধে শিশু পাচারের ধারায় মামলা রুজু করা হয়েছে।








