ব্যুরো নিউজ, ২৯ জুন ২০২৬ঃ রাজ্য রাজনীতিতে সাম্প্রতিক পালাবদলের আবহে ফের বিতর্কের শিরোনামে উঠে এলেন কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল। গার্ডেনরিচের এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ৭০ লক্ষ টাকা তোলাবাজির মামলায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। একসময় দ্রুত উত্থান, প্রভাবশালী রাজনৈতিক অবস্থান এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত এই নেতার গ্রেফতারি নতুন করে জল্পনা তৈরি করেছে।
কে এই শামস ইকবাল? আড়ম্বরপূর্ণ জীবনযাপন এবং দ্রুত রাজনৈতিক উত্থানের জন্য দীর্ঘদিন ধরেই তিনি আলোচনায় ছিলেন। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব সামলেছেন। তাঁর পারিবারিক ইতিহাসও কম আলোচিত নয়; তিনি গার্ডেনরিচে পুলিশ অফিসার তাপস চৌধুরী হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মহম্মদ ইকবাল ওরফে মুন্না ইকবালের ছেলে। বাবার রাজনৈতিক উত্তরাধিকারকে সামনে রেখেই শামসের রাজনীতিতে পথচলা শুরু।
২০২১ সালের পুরসভা নির্বাচনে তিনি কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন, বিরোধীদের অভিযোগ ছিল মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার। গার্ডেনরিচ ও মেটিয়াবুরুজ এলাকায় তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে বলে স্থানীয় মহলের দাবি। সামাজিক মাধ্যমে তাঁর বিদেশ সফর, বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে ছবি এবং ৫ কোটি টাকা মূল্যের ফেরারি গাড়ি নিয়ে কলকাতা পুরসভায় পৌঁছানোর ঘটনা বহুবার সংবাদ শিরোনামে এসেছে। তাঁর গ্যারেজে একাধিক বিলাসবহুল গাড়ি থাকারও অভিযোগ রয়েছে।
রাজনৈতিক মহলের একাংশ তাঁকে দীর্ঘদিন ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ হিসেবে চিহ্নিত করত। তবে, ২০২৪ সালের গার্ডেনরিচ বহুতল ধসের ঘটনায় তাঁর নাম বিতর্কে জড়ালেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি, রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলানোর পর তাঁকে বিক্ষুব্ধ তৃণমূলের বৈঠকগুলিতে এবং শুভেন্দু অধিকারীর পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায়। এরপরেই গার্ডেনরিচের ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হল।








