ব্যুরো নিউজ, ৩ জুলাই ২০২৬ঃ অস্বস্তিকর গরমের পর অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটেছে। বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবারও বৃষ্টির এই ধারা বজায় থাকবে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সেই সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে।
শুক্রবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কাশ্মীর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই জোড়া ফলার প্রভাবে জুন মাসের বৃষ্টির খরা জুলাই মাসে পুরোপুরি পুষিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
শনিবার বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। এরপর রবিবারেও বৃষ্টির দাপট জারি থাকবে; এদিন কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।








