ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর ২০২৬: মহাবীর আখড়ার শোভাযাত্রাকে কেন্দ্র করে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রানিগঞ্জ প্রশাসন চূড়ান্ত তৎপর। প্রতি বছরের ন্যায় এবছরও শান্তিপূর্ণভাবে এই ঐতিহ্যবাহী উৎসব সম্পন্ন করতে মঙ্গলবার শোভাযাত্রা বের হওয়ার ঠিক আগে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে শহরের বিভিন্ন সংবেদনশীল এলাকায় এক বিশাল রুট মার্চ করা হয়। এই রুট মার্চের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, যাতে কোনওরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
ডিসি সেন্ট্রাল ধ্রুব দাসের নেতৃত্বে এই রুট মার্চে উপস্থিত ছিলেন এসিপি বিমান কুমার মৃধা, রানিগঞ্জ থানার আইসি পার্থ ঘোষ-সহ পুলিশ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। রানিগঞ্জের তার বাংলা বাজার, চিনকুঠি, রাজাবাঁধ, কসাই মহল্লা-সহ একাধিক চিহ্নিত সংবেদনশীল এলাকায় পুলিশ আধিকারিকরা নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন। এদিন পুলিশ আধিকারিকরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন। আগামীকাল মহাবীর আখড়ার শোভাযাত্রার সময় শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য তাঁদের কাছে আন্তরিক আবেদন জানানো হয়। পাশাপাশি, প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের কাছে যেকোনো প্রয়োজনে পুলিশকে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বাসিন্দাদের আশ্বস্ত করা হয়েছে যে, শোভাযাত্রা চলাকালীন কোনওরকম সমস্যা বা অসুবিধা হলে দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে সবরকম সাহায্যের ব্যবস্থা করা হবে। মহাবীর আখড়াকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য পুলিশ প্রশাসন প্রথম থেকেই সতর্ক ও সজাগ রয়েছে এবং প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে।








