ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর ২০২৬: নদিয়ার শান্তিপুরে এক ১৩ বছরের নাবালিকা কন্যাকে অপহরণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ, রানাঘাটের জিরাট পাড়ার বাসিন্দা সুদীপ ব্যাপারী নামে এক যুবক ওই নাবালিকাকে ফুসলিয়ে বা জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। নাবালিকার মা জানিয়েছেন, গত ২৪ তারিখ থেকে তাঁর মেয়ে নিখোঁজ ছিল। পরবর্তীতে জানা যায়, অভিযুক্ত সুদীপ একটি আপত্তিকর ছবি দেখিয়ে দীর্ঘ দিন ধরে মেয়েটিকে ব্ল্যাকমেল করছিল। সেই সূত্র ধরেই তাকে অপহরণ করে টানা সাড়ে চার দিন একটি ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয়।
পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশি তৎপরতা শুরু হয়। প্রথমে অভিযুক্তরা মেয়েটিকে কৃষ্ণনগরের একটি বাড়িতে সরিয়ে দেয়। সোমবার সকালে পুলিশি তৎপরতার খবর পেয়ে পরিবার সেখানে পৌঁছলে অভিযুক্ত ও তার পরিবার স্কুটিতে করে মেয়েটিকে অন্য কোথাও সরানোর চেষ্টা করে। সেই সময় পরিবারের লোকজন ও স্থানীয়দের হস্তক্ষেপে মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হয়। নাবালিকার মা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি করেছেন।
তিনি চান, ভবিষ্যতে আর কোনো পরিবারকে যেন এমন পরিস্থিতির শিকার হতে না হয়। বর্তমানে শান্তিপুর থানার পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।








