ব্যুরো নিউজ, ৩ জুলাই ২০২৬ঃ রাজা রঘুবংশী হত্যা মামলায় মূল অভিযুক্ত সোনম রঘুবংশীর জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট। মেঘালয় সরকারের আর্জি খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছে, এই মামলার বিচারপ্রক্রিয়া তাদের নজরে থাকবে। শুক্রবার শুনানির সময় কিছু বিভ্রান্তি তৈরি হলেও, সোনম ইতিমধ্যেই জামিনে মুক্ত থাকায় আদালত আপাতত তাঁর জামিন বাতিল করেনি। এর আগে শিলংয়ের নিম্ন আদালত সোনমের জামিন মঞ্জুর করেছিল, যা মেঘালয় হাইকোর্টও বহাল রাখে।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল মেঘালয় সরকার, অবিলম্বে জামিন বাতিলের আর্জি জানিয়ে। মেঘালয় সরকারের পক্ষের আইনজীবী এবং কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে দ্রুত শুনানির আর্জি জানান। তুষার মেহতা আদালতে সওয়াল করেন যে, সোনমকে গ্রেপ্তারের কারণ না জানানোর যুক্তি দেখিয়ে তাঁর জামিন মঞ্জুর হয়েছিল, যা শুধুমাত্র একটি টাইপোগ্রাফিক্যাল ভুলের কারণে ঘটেছিল। তিনি আরও দাবি করেন, সোনম জামিনে বাইরে থাকলে পালিয়ে যেতে পারেন।
তবে আপাতত মেঘালয় সরকারের এই দাবি গ্রাহ্য হয়নি। ২০২৫ সালের মে মাসে মধুচন্দ্রিমায় গিয়ে রাজা রঘুবংশী নিখোঁজ হন। পরে তাঁর দেহ একটি গিরিখাত থেকে উদ্ধার হয়। তদন্তে সোনম রঘুবংশীর বিরুদ্ধে প্রেমিক রাজ কুশওয়াহা ও আরও তিনজনের সহযোগিতায় খুনের ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। পুলিশ পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে ৭৯০ পাতার চার্জশিট জমা দিয়েছে। এই মামলায় শীর্ষ আদালতের নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।








