নতুন EPF স্কিম: সুদের হার অপরিবর্তিত, কেন্দ্রের স্পষ্ট বার্তায় কাটল বিভ্রান্তি

নতুন EPF স্কিম, 2026 নিয়ে বিভ্রান্তি দূর করল কেন্দ্র। প্রভিডেন্ট ফান্ডের সুদের হার অপরিবর্তিত, ৮.২৫% থাকছে। স্কিমটি মূলত প্রশাসনিক আধুনিকীকরণ, আর্থিক নয়।

Share:

ব্যুরো নিউজ, ৩ জুলাই ২০২৬ঃ দেশের চাকরিজীবীদের মধ্যে নতুন ‘Employees’ Provident Funds Scheme, 2026’ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করল কেন্দ্রীয় সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, নতুন স্কিম চালু হলেও কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের (EPF) সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি। বর্তমানে প্রভিডেন্ট ফান্ডে যে ৮.২৫ শতাংশ বার্ষিক সুদ মিলছে, নতুন নিয়ম কার্যকর হওয়ার পরেও আপাতত সেই সুদের হারই বহাল থাকবে। ‘নতুন স্কিম মানেই বেশি সুদ’—এই ধারণা সম্পূর্ণ ভুল, কেন্দ্র এই বিষয়ে সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, নতুন এই স্কিমটি মূলত ১৯৫২ সালের পুরনো এনালগ স্কিমের আধুনিক সংস্করণ। এটি Code on Social Security, 2020-এর সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি একটি আইনি ও প্রশাসনিক আধুনিকীকরণ। এর মূল লক্ষ্য হল ইপিএফও (EPFO)-র প্রশাসনিক নিয়মকে আরও স্পষ্ট করা এবং ডিজিটাল পরিষেবা ও কমপ্লায়েন্স ব্যবস্থা উন্নত করা। কর্মীদের মূল সঞ্চয় বা সুদের বর্তমান কাঠামোয় কোনও হাত দেওয়া হয়নি। বার্ষিক সুদের হার ৮.২৫ শতাংশ, কর্মী ও সংস্থার ১২ শতাংশ অবদান এবং ১৫,০০০ টাকা বেতনসীমা—এই সবই অপরিবর্তিত থাকছে। ভলান্টারি প্রভিডেন্ট ফান্ড (VPF) ও ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) ব্যবস্থাও আগের মতোই কাজ করবে। তবে নতুন স্কিমে কর্মীদের জন্য কিছু অতিরিক্ত সুবিধা আনা হয়েছে।

এখন থেকে মাত্র ৩ দিনের মধ্যে পিএফ ক্লেম নিষ্পত্তি করার লক্ষ্য নেওয়া হয়েছে। উপযুক্ত কারণ ছাড়া ক্লেম প্রসেস করতে অযথা দেরি হলে দায়ী কর্তাদের বিরুদ্ধে ১২ শতাংশ হারে জরিমানা ধার্যের কড়া নিয়ম রাখা হয়েছে। ডিজিটাল ক্লেম প্রসেস আরও সহজ করা হয়েছে। মনে রাখতে হবে, ১৫,০০০ টাকার বেশি বেসিক বেতনের অংশে অতিরিক্ত EPF অবদান রাখা আর বাধ্যতামূলক নয়, যা কর্মী ও কোম্পানির পারস্পরিক সম্মতির ওপর নির্ভরশীল। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এটি মূলত প্রশাসনিক ও প্রযুক্তিগত পরিবর্তন, আর্থিক নয়।