ব্যুরো নিউজ, ৩ জুলাই ২০২৬ঃ কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ‘ডিম হামলা’র ঘটনার পর সম্ভাব্য গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সম্প্রতি নদিয়ার কালীগঞ্জে দলীয় বৈঠকে যোগ দিতে গিয়ে এবং তাঁর নিজস্ব পার্টি অফিসের সামনে বিক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবং নিজের বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ রুখতে আদালতের শরণাপন্ন হয়েছেন তৃণমূল সাংসদ।
সূত্রের খবর, গত বুধবার কালীগঞ্জের পলাশিতে একটি সাংগঠনিক বৈঠকে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এরপরই তিনি কালীগঞ্জ থানায় এফআইআর দায়ের করেন। মহুয়ার মূল অভিযোগ, পুলিশে লিখিত অভিযোগ জানানোর পরও প্রশাসনের তরফ থেকে কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। উল্টে তাঁর আশঙ্কা, পুরো ঘটনাকে ঘুরিয়ে দিয়ে তাঁর বিরুদ্ধেই হয়তো এফআইআর দায়ের করার তোড়জোড় চলছে। কয়েক দিন আগে কৃষ্ণনগরে তাঁর দলীয় কার্যালয়ের সামনেও একই ধরনের ঘটনা ঘটেছিল, যা ‘ডিম থেরাপি’ নামে ভাইরাল হয়।
পুলিশের এই ভূমিকা এবং নিজের বিরুদ্ধে মামলা হওয়ার আশঙ্কায় এবার আইনি রক্ষাকবচের খোঁজে হাইকোর্টে আবেদন করেছেন মহুয়া। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁকে যেন কোনও ভাবেই সম্ভাব্য গ্রেফতারির মুখে পড়তে না হয় এবং পুলিশ যাতে তাঁর বিরুদ্ধে জোর করে কোনও দমনমূলক ব্যবস্থা না নিতে পারে। আদালত তাঁর জরুরি ভিত্তিতে শুনানির আর্জি গ্রহণ করেছে। আগামী মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এখন দেখার, আদালতের রায়ে কৃষ্ণনগরের সাংসদ স্বস্তি পান নাকি অস্বস্তি আরও বাড়ে।








