ব্যুরো নিউজ, ২৭ অক্টোবর ২০২৬: কালীপুজো ও দিওয়ালীর আগে বাংলার জন্য এক দারুণ সুখবর। এবার গোলাপি শহর জয়পুর পৌঁছনো আরও অনেক সহজ হয়ে গেল বঙ্গবাসীর জন্য। সাঁতরাগাছি থেকে জয়পুরের নিকটবর্তী খাতিপুরা পর্যন্ত একটি নতুন দূরপাল্লার ট্রেন চালু করল রেল। এর ফলে পশ্চিমবঙ্গ ও রাজস্থানের মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হল, যা রাজ্যের রেল মানচিত্রে এক নতুন সংযোজন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নতুন ট্রেনের প্রথম যাত্রার সূচনা করেন। যদিও প্রথম ট্রেনটি সোমবার খাতিপুরা থেকে যাত্রা করেছে, তবে সাধারণ যাত্রী পরিষেবা শুরু হবে আগামী ৪ নভেম্বর থেকে। ওইদিন দুপুর সওয়া ২টোয় সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেনটি তার প্রথম যাত্রী নিয়ে রওনা দেবে। ফিরতি পথে ৬ নভেম্বর খাতিপুরা থেকে সাঁতরাগাছির উদ্দেশে যাত্রা করবে।
‘সাঁতরাগাছি-খাতিপুরা এক্সপ্রেস’ নামের এই নতুন ট্রেনটি প্রতি বুধবার সাঁতরাগাছি থেকে ছাড়বে এবং পরের দিন বৃহস্পতিবার রাত ১১টায় খাতিপুরা পৌঁছবে। খাতিপুরা থেকে প্রতি শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে এটি শনিবার সন্ধে ৭টা ৪৫ মিনিটে সাঁতরাগাছি ফিরবে। এই পরিষেবা দুই রাজ্যের মধ্যে যাতায়াতকে আরও সুবিধাজনক করে তুলবে। প্রায় ১৫০০ কিলোমিটার দীর্ঘ এই পথে ট্রেনটির সময় লাগবে ৩২ ঘণ্টা ৪৫ মিনিট। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং রাজস্থান – দেশের এই ৫টি গুরুত্বপূর্ণ রাজ্যের উপর দিয়ে যাবে এই ট্রেন। এর ফলে কেবল পর্যটক বা ব্যবসায়ী নন, সাধারণ যাত্রীরাও উপকৃত হবেন এবং যাতায়াতের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।








