ব্যুরো নিউজ, ৩ জুলাই ২০২৬ঃ বীরভূমে আবাস যোজনার উপভোক্তাদের জন্য এক দারুণ সুখবর। এবার ৮ হাজার টাকা মূল্যের এক ট্রাক্টর বালি মাত্র ১৫০০ টাকায় পাওয়া যাবে। উচ্চশিক্ষামন্ত্রী ও সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী, সিউড়ি ও রাজনগর ব্লক এলাকায় পাইলট প্রজেক্ট হিসাবে এই ভর্তুকিযুক্ত বালি সরবরাহ শুরু হয়েছে। বালির চড়া দামের কারণে বহু উপভোক্তা আবাস যোজনার বাড়ি নির্মাণ শুরু করতে পারছিলেন না। এই নতুন সরকারি উদ্যোগে তাঁরা অত্যন্ত খুশি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১০০ সিএফটি (এক ট্রাক্টর) বালি ১৫০০ টাকায় দেওয়া হবে। এই সুবিধা পেতে হলে আবাস যোজনার উপভোক্তাদের সমস্ত প্রয়োজনীয় নথি-সহ স্থানীয় বিডিও-র কাছে আবেদন জানাতে হবে। বিডিও সেই নথিগুলি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন এবং তারপর বালি সরবরাহের জন্য সরকারি চালান তৈরি করবেন। জালিয়াতি রুখতে এই চালানের একটি কপি স্থানীয় থানাতেও পাঠানো হবে। কিছুদিন আগেই জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, আবাস যোজনার উপভোক্তাদের সস্তায় বালি দেওয়ার ব্যবস্থা করা হবে।
জেলা প্রশাসনের অধীনে ভূমি দফতরের সহযোগিতায় বীরভূমের ১০-১১টি ব্লকে প্রাথমিকভাবে এই সুবিধা চালু করার কথা ছিল। নতুন সার্ভেতে যাঁদের নাম আসবে, তাঁরাই এই সুবিধা পাবেন। মন্ত্রী আরও বলেন, এই মডেল সফল হলে প্রথমে গোটা বীরভূম জেলা এবং পরে সারা রাজ্যে কম দামে আবাস উপভোক্তাদের বালি সরবরাহ করা হবে। গরিব মানুষের সুবিধার জন্যই এই পদক্ষেপ। বৈধ বালিঘাট মালিকদেরও এই প্রকল্পে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।








