জাতীয় শিক্ষানীতি: যাদবপুর ও প্রেসিডেন্সিতে স্নাতকোত্তরে ‘জিরো ইয়ার’, ভর্তি বন্ধ চলতি শিক্ষাবর্ষে

জাতীয় শিক্ষানীতি মেনে যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ‘জিরো ইয়ার’ ঘোষণা। চলতি শিক্ষাবর্ষে ভর্তি বন্ধ। রবীন্দ্রভারতীর ব্যতিক্রমী সিদ্ধান্ত জানুন।

Share:

ব্যুরো নিউজ, ৩ জুলাই ২০২৬ঃ জাতীয় শিক্ষানীতি (NEP 2020) মেনে চলার পথে বড় বদলের মুখে দাঁড়িয়েছে কলকাতার দুই স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এই দুই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে কলা ও বিজ্ঞান বিভাগে চলতি শিক্ষাবর্ষে স্নাতকোত্তরে ‘জিরো ইয়ার’ ঘোষণা করা হয়েছে। এর অর্থ, এই বছর স্নাতকোত্তরের প্রথম বর্ষে কোনও শিক্ষার্থীকে ভর্তি নেওয়া হবে না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী দু’বছরের স্নাতকোত্তর পাঠ্যক্রমকে এক বছর করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে একটি অন্তর্বর্তীকালীন শূন্যতা তৈরি হয়েছে।২০২৩ সালে যে শিক্ষার্থীরা চার বছরের স্নাতক কোর্সে ভর্তি হয়েছিলেন, তাঁরা ২০২৭ সালে তাঁদের ডিগ্রি সম্পূর্ণ করবেন। জাতীয় শিক্ষানীতির নিয়ম অনুযায়ী, বর্তমানে এই চার বছরের স্নাতক কোর্সের শেষ বর্ষের পড়ুয়ারা পুরনো ব্যবস্থার স্নাতকোত্তরের প্রথম বর্ষের সমতুল্য। এই পরিস্থিতিতে নতুন করে স্নাতকোত্তরে প্রথম বর্ষে ভর্তি নেওয়ার মতো কোনও উপযুক্ত ব্যাচ নেই।

তবে, এই সিদ্ধান্তের ব্যতিক্রমী পথ বেছে নিয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। যে সকল শিক্ষার্থী চার বছরের স্নাতক কোর্সের মাঝপথে, অর্থাৎ তিন বছর পর ‘এক্সিট অপশন’ বা বেরিয়ে যাওয়ার সুযোগ নিচ্ছেন, তাঁদের জন্য রবীন্দ্রভারতীতে দুই বছরের স্নাতকোত্তর কোর্সটি চালু রাখা হচ্ছে। আগামী আগস্ট মাস থেকে সেখানে কলা, চারুকলা ও দৃশ্যকলা শাখায় মাস্টার্স কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। এই পদক্ষেপের ফলে কিছু শিক্ষার্থী উপকৃত হলেও, যাদবপুর ও প্রেসিডেন্সির মতো প্রতিষ্ঠানে ভর্তিচ্ছুদের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।