নিউজ ব্যুরো, ৩ জুলাই ২০২৬: নব নির্বাচিত বিধায়কদের দু’দিনের ওরিয়েন্টেশন কর্মসূচিতে লোকসভার স্পিকার ওম বিড়লা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেছেন।
নিউটাউনের কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে স্পিকার সুশাসনের উপর জোর দেন এবং বলেন, “মুখ্যমন্ত্রীর দূরদৃষ্টি রয়েছে। তিনি গণতন্ত্র মজবুত করার কাজ করছেন।” তিনি শুভেন্দু অধিকারীর পরিষদীয় দক্ষতারও প্রশংসা করেন এবং বিধানসভার অধিবেশনে লাইভ সম্প্রচার শুরুর সিদ্ধান্তকে স্বচ্ছতার প্রতীক হিসেবে উল্লেখ করেন।ওম বিড়লা পশ্চিমবঙ্গের হারানো গৌরব ও ঐতিহ্য পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, “এই রাজ্য আধ্যাত্মিকতা, উদ্যোগ, শিক্ষা ও চেতনার মাটি। গোটা দেশ পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে রয়েছে।”
একই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্বতন বামফ্রন্ট ও তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, “বামফ্রন্ট ৩৪ বছর ধরে পার্টি অফিস থেকে সিদ্ধান্ত নিত। আর তৃণমূলের ১৫ বছরে যে অবস্থা হয়েছিল, তা আজ আর নতুন করে বলতে চাই না।” বিরোধী দলনেতা হিসেবে প্রশাসনিক বৈঠকে ডাক না পাওয়ার অভিযোগও করেন তিনি।শুভেন্দু জানান, বর্তমান সরকার প্রশাসনিক বৈঠকে বিরোধী বিধায়কদের আমন্ত্রণ জানাচ্ছে এবং রাজ্যের উন্নয়নে প্রাকৃতিক ও মানব সম্পদকে সঠিকভাবে কাজে লাগানোর উপর জোর দিচ্ছে। তিনি পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথাও স্মরণ করিয়ে দেন।
এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু উপস্থিত ছিলেন।








