মার্কিন মুলুকে ৯০০ ডলারের ওষুধ ভারতে মাত্র ৩০ টাকায়! আমেরিকান তরুণীর ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

মার্কিন যুক্তরাষ্ট্রে ৯০০ ডলারের ওষুধ ভারতে মাত্র ৩০ টাকায়! আমেরিকান তরুণীর ভাইরাল ভিডিওতে ভারতের সস্তা স্বাস্থ্যসেবার চিত্র।

Share:

ব্যুরো নিউজ, ৪ জুলাই ২০২৬ঃ ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়ে নাগরিকদের মধ্যে নানা অভিযোগ থাকলেও, বিদেশি পর্যটকদের মুখে এদেশের স্বাস্থ্য পরিষেবা ও ওষুধের কম দামের প্রশংসা প্রায়শই শোনা যায়। সম্প্রতি এক আমেরিকান তরুণীর ভাইরাল ভিডিওতে সেই চিত্রই আরও একবার স্পষ্ট হয়ে উঠেছে। লিজ নামের ওই তরুণী তাঁর ইনস্টাগ্রাম ভিডিওতে দেখিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যে ওষুধের প্রতিটি ট্যাবলেটের দাম প্রায় ৯০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫,০০০ টাকা), ভারতে সেটি মাত্র ৩৫ থেকে ৩০০ টাকাতেই পাওয়া যায়।

লিজ তাঁর ভিডিওতে জানান, তাঁর মাসি ব্লাড ক্যান্সারে ভুগছেন এবং তাঁকে রেভলিমিড (Revlimid) নামের একটি ওষুধ খেতে হয়। তাঁর দাবি, আমেরিকায় এই ওষুধটির একটি ট্যাবলেটের দাম আকাশছোঁয়া, অথচ ভারতে এর জেনেরিক সংস্করণ অত্যন্ত সাশ্রয়ী মূল্যে উপলব্ধ। এই বিশাল পার্থক্য দেখে লিজ অভিযোগ করেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতে সাধারণ মানুষকে রীতিমতো ‘লুট’ করা হচ্ছে। তাঁর মতে, ভারতে নাগরিকদের সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়, যা মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বড় প্রতিবন্ধকতা।

লিজের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। বহু নেট নাগরিক আমেরিকার স্বাস্থ্যসেবা ব্যবস্থার কড়া সমালোচনা করেছেন এবং ভারতের কম খরচের চিকিৎসা ব্যবস্থার প্রশংসা করেছেন। কেউ কেউ মস্করা করে মন্তব্য করেছেন যে, আমেরিকান নাগরিকরা ওষুধ কেনার জন্য ভারতে এলে যাতায়াতের খরচ বাদ দিয়েও তাঁদের অনেক সাশ্রয় হবে। এই ভাইরাল ভিডিওটি দুই দেশের স্বাস্থ্যসেবা ও ওষুধের দাম নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।