১৪ বছর পর বরুণ বিশ্বাস হত্যা: বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার, SIT গঠনের দাবি

১৪ বছর পর বরুণ বিশ্বাস খুনের বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার। জ্যোতিপ্রিয় মল্লিককে মূল চক্রী দাবি করে SIT গঠনের আর্জি।

Share:

ব্যুরো নিউজ, ৪ জুলাই ২০২৬ঃ প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুনের ১৪ বছর পর তাঁর পরিবারের সদস্যরা ন্যায়বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছেন। আগামী ৫ জুলাই বরুণ বিশ্বাসের হত্যাকাণ্ডের ১৪ বছর পূর্ণ হবে। ২০১২ সালের এই দিনেই উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন চত্বরে দুষ্কৃতীদের গুলিতে নির্মমভাবে খুন হন কলকাতার মিত্র ইন্সটিটিউশনের শিক্ষক বরুণ বিশ্বাস। তিনি এলাকার বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে সরব ছিলেন এবং তাঁর প্রতিবাদী ভূমিকার জন্যই তিনি পরিচিত ছিলেন। শনিবার মুখ্যমন্ত্রীর জনতা দরবারে এসে বরুণের পরিবার দাবি করেছে, গত ১৪ বছর ধরে এই হত্যাকাণ্ডের তদন্তের নামে কেবল প্রহসনই হয়েছে। তারা অবিলম্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের দাবি জানিয়েছেন।

পরিবারের সদস্যদের স্পষ্ট অভিযোগ, তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই এই নৃশংস হত্যাকাণ্ডের মূল চক্রী এবং তিনিই প্রকৃত দোষী। তাদের দাবি, জ্যোতিপ্রিয়র নেতৃত্বে ১০০-১৫০ জন হামলা চালিয়ে বরুণকে খুন করেছিল। এই চাঞ্চল্যকর খুনের ঘটনায় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে একজন জেলেই মারা যান এবং বাকি ৮ জন বর্তমানে জামিনে মুক্ত। পরিবারের অভিযোগ, ঘটনার সময় জ্যোতিপ্রিয় মল্লিক অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এবং অনেক অভিযুক্তই আইনের ফাঁক গলে ছাড়া পেয়ে গেছে। তৃণমূল সরকারের আমলে সঠিক বিচার না পেয়ে বরুণ বিশ্বাসের পরিবার এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ন্যায়বিচারের আশায় এসেছেন। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, বর্তমান সরকার তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে এবং বরুণ বিশ্বাসের খুনিদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে।