ব্যুরো নিউজ, ৫ জুলাই ২০২৬ঃ প্রবল বর্ষণের মাঝেই মধুরেণ সমাপয়েৎ ঘটল মিস্টার পারফেকশনিস্ট আমির খানের জীবনে। রবিবার, ৫ জুলাই, আনুষ্ঠানিকভাবে গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের এই তারকা। পালি হিলের নিজের বাড়িতেই স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। এটি আমিরের তৃতীয় বিবাহ, যা নিয়ে বি-টাউনে চলছে জোর আলোচনা। অনেকেই বলছেন, আমির যেন বিয়ের ‘হ্যাটট্রিক’ করলেন। রবিবার সকাল থেকেই আমিরের পালি হিলের বাড়ির সামনে ছিল উৎসবের মেজাজ।
মুম্বই শহর যখন জল থৈ থৈ, তখনও বৃষ্টি উপেক্ষা করেই একে একে আসতে শুরু করেন আমন্ত্রিত অতিথিরা। কড়া নিরাপত্তার মোড়কে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই ছিমছাম আয়োজনে সম্পন্ন হয় এই রেজিস্ট্রি বিবাহ। দুপুর পৌনে একটা নাগাদ আমির ও গৌরী রেজিস্ট্রি পেপারে সই করেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। বিয়ের প্রথম ছবিতে দেখা যায়, আমির যখন হাসিমুখে রেজিস্ট্রি পেপারে সই করছেন, তখন গৌরী মুগ্ধ দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে রয়েছেন। দম্পতিকে ছিমছাম সাজেই নজর কাড়তে দেখা যায়।
বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের মধ্যে কৌতূহল বাড়ছে। আমিরের বাড়ি আলোর মালায় সেজে উঠেছিল আগেই, যা থেকে বিয়ের প্রস্তুতি সম্পর্কে ইঙ্গিত মিলেছিল। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন বলিউডের বেশ কিছু পরিচিত মুখও। এই নতুন পথচলায় আমির ও গৌরীর জন্য রইল শুভকামনা। এই বিশেষ দিনে মুম্বইয়ের বর্ষণ যেন তাঁদের নতুন জীবনের এক শুভ সূচনা করে গেল।








