সেবাশ্রয় বিতর্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের এফআইআর, নাম জড়াল জাহাঙ্গির খানের

সেবাশ্রয় বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের এফআইআর দায়ের। এবার বিষ্ণুপুর থানায় অভিযোগ, নাম জড়াল জাহাঙ্গির খানেরও। তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

 ব্যুরো নিউজ, ৫ জুলাই ২০২৬: পশ্চিমবঙ্গে সেবাশ্রয়  বিতর্কের জেরে এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের এফআইআর দায়ের করা হয়েছে। ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস ববির দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, ফলতার জাহাঙ্গির খান সহ একাধিক ঘনিষ্ঠ সহযোগীর নামও রয়েছে।

পুলিশ সূত্রে খবর, গতকাল বিষ্ণুপুর থানায় অভিযোগ জমা পড়ার পরই একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, পরপর দু’টি থানায় অভিযোগ দায়ের হওয়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অস্বস্তি আরও বেড়েছে। সেবাশ্রয়কে ঘিরে ইতিমধ্যেই কোটি কোটি টাকার আর্থিক প্রতারণা এবং বেআইনি স্বাস্থ্য পরিষেবা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে। প্রশাসনের দাবি, ডায়মন্ড হারবারের ওই সেবাশ্রয়ের কোনও সরকারি অনুমোদন বা লাইসেন্স ছিল না।

এই পরিস্থিতিতে স্বাস্থ্য দফতর স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে এবং নবান্ন থেকেও বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া নতুন এফআইআরে ওষুধ ও প্রসাধনী আইন, পারমাণবিক শক্তি আইন এবং জাতীয় মেডিক্যাল কমিশন (NMC) আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তকারীদের দাবি, অভিযোগের পরিধি অত্যন্ত গুরুতর। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।