বারুইপুরকাণ্ডে উস্কানি ও ভুয়ো প্রচারের অভিযোগ, সুজন চক্রবর্তী সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে FIR দায়ের

বারুইপুরকাণ্ডে উস্কানি ও ভুয়ো প্রচারের অভিযোগে সুজন চক্রবর্তী সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে FIR দায়ের করল বিজেপি। তদন্ত শুরু পুলিশের।

Share:

ব্যুরো নিউজ, ৮ জুলাই ২০২৬ : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরেই বারুইপুরকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। সিপিএম নেতা সুজন চক্রবর্তী, লাহেক আলি, মোনালিসা সিনহা এবং সইফুদ্দিন মণ্ডলের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্ররোচনা এবং মিথ্যে খবর প্রচারের অভিযোগ এনে থানায় FIR দায়ের করল বিজেপি।

মঙ্গলবার সন্ধ্যায় বারুইপুর থানায় বিজেপির ৪ নম্বর মণ্ডলের সভাপতি অরুণ প্রধান এই লিখিত অভিযোগ জমা দেন। উল্লেখ্য, ১১ বছরের এক নাবালিকার নৃশংস হত্যা ও গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বারুইপুরে গত রবিবার থেকে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে স্থানীয় জনতা রাস্তা ও রেল অবরোধ, পুলিশের উপর হামলা এবং সরকারি সম্পত্তি নষ্ট করার পাশাপাশি এক সন্দেহভাজনকে পিটিয়ে খুন করে।

গতকাল বারুইপুরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, গণপিটুনিতে নিহত ওই যুবক নির্দোষ ছিল এবং এই অশান্তির পিছনে মৌলবাদী ও দেশবিরোধী শক্তির হাত রয়েছে। তিনি দোষীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন। পুলিশ ইতিমধ্যেই সন্দেহভাজনদের কল রেকর্ডিং সংগ্রহ করছে এবং অভিযোগের ভিত্তিতে সিপিএম নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।