ব্যুরো নিউজ, ৮ জুলাই ২০২৬ : জম্মু ও কাশ্মীর: দীর্ঘ পাঁচ দিনের লাগাতার তল্লাশি অভিযানের পর অবশেষে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার জাকির গানাই। সোপিয়ান জেলায় এই জঙ্গি নিকেশ হওয়ায় উপত্যকায় সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য পেল ভারতীয় সেনা ও পুলিশ। গোয়েন্দাদের হিট লিস্টে A++ ক্যাটাগরির এই কুখ্যাত জঙ্গির মৃত্যু জম্মু ও কাশ্মীরে শান্তি ফেরানোর প্রক্রিয়ায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, গত ৩ জুলাই শুক্রবার সোপিয়ান জেলার একটি ফলের বাগানে নজরদারি ক্যামেরায় জাকির গানাই এবং তার সঙ্গী লতিফকে দেখা গিয়েছিল। দুজনেই দক্ষিণ কাশ্মীরের কুলগামের বাসিন্দা। এই খবর পাওয়ার পর থেকেই যৌথবাহিনী তাদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। গত পাঁচ দিন ধরে সোপিয়ানের সাতটি গ্রাম ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালানো হয়। নিরাপত্তা বাহিনী ওই ফলের বাগানে প্রবেশ করতেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও।
জঙ্গিরা যাতে কোনওভাবেই পালাতে না পারে, তার জন্য সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয় এবং এলাকায় প্রচুর আলো লাগানো হয়। বুধবার সকালে জাকির গানাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। তার সঙ্গী লতিফের খোঁজে এখনও তল্লাশি চলছে। এই ঘটনায় উপত্যকায় লস্করের কোমর ভেঙে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।








