পোকার কামড়ে গুরুতর অসুস্থ অভিনেতা রাজেশ শর্মা, ভর্তি হাসপাতালে!

পোকার কামড়ে গুরুতর অসুস্থ অভিনেতা রাজেশ শর্মা, ভর্তি ঢাকুরিয়ার মনিপাল হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, চলছে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে।

Share:

ব্যুরো নিউজ, ৮ জুলাই ২০২৬: টলিউড ও বলিউডের পরিচিত মুখ অভিনেতা রাজেশ শর্মা আচমকাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।

জানা গিয়েছে, সম্প্রতি হায়দ্রাবাদ থেকে শুটিং সেরে ফেরার পথে বিমানে একটি পোকা তাঁর পায়ে কামড়ায়। প্রথমে সাধারণ পোকার কামড় ভেবে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। কিন্তু সেই পোকার কামড় থেকেই মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়ে তাঁর পায়ে। পরিবারের তরফে জানানো হয়েছে, সংক্রমণের ফলে রাজেশের রক্তে শর্করার মাত্রা হঠাৎ করেই অনেকটা বেড়ে যায়। এর পাশাপাশি শ্বাসকষ্টও শুরু হয়। এমনকি পায়ের সংক্রমণ হাঁটু পর্যন্ত পৌঁছে যায়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে ঢাকুরিয়ার মনিপাল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে রাজেশ শর্মার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন, সংক্রমণের পাশাপাশি অভিনেতার তীব্র জ্বর ছিল এবং শ্বাসকষ্ট পুরোপুরি কমেনি। তবে দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় বড় ক্ষতির হাত থেকে তিনি বেঁচে গিয়েছেন।

সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ও জানিয়েছেন, সঠিক সময়ে চিকিৎসা শুরু না হলে জটিলতা আরও বাড়তে পারতো। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও রাজেশ শর্মার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। বর্তমানে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে।