ব্যুরো নিউজ, ৮ জুলাই ২০২৬ : ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝে পড়ুয়াদের কথা ভেবে এক অভিনব সিদ্ধান্ত নিল কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট হাইস্কুল। আগামী ১৯ জুলাই ফিফা বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে। এই মেগা ইভেন্টের জন্য স্কুল কর্তৃপক্ষ ২০ এবং ২১ জুলাইয়ের সমস্ত পরীক্ষা পিছিয়ে দেওয়ার ঘোষণা করেছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষাগুলি এই দুই দিনে হওয়ার কথা ছিল, সেগুলি এখন নতুন সূচি অনুযায়ী পরিচালিত হবে।
স্কুল সূত্রে খবর, ২০ জুলাইয়ের সামেটিভ ও প্রি-মিডটার্ম সহ যাবতীয় পরীক্ষাগুলি ২৯ জুলাই এবং ২১ জুলাইয়ের পরীক্ষাগুলি ৩০ জুলাই নেওয়া হবে। স্কুলের বর্তমান প্রিন্সিপাল জয়দেব ঘোষ এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলেন, “পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা, বিশেষ করে ফুটবলের প্রতি আকর্ষণ বাড়ানো। ফুটবল একটি সমষ্টিগত খেলা, যা সহযোগিতা ও একসাথে লড়াই করার শিক্ষা দেয়। পড়ুয়ারা যাতে বিশ্বকাপের ফাইনাল উপভোগ করার সুযোগ পায়, সেই জন্যই এই পদক্ষেপ।” তিনি আরও যোগ করেন, পরের দিন পরীক্ষা থাকলে অনেক অভিভাবকই সন্তানদের রাত জেগে খেলা দেখতে দেবেন না। এই উদ্যোগের ফলে ২ থেকে ৫ শতাংশ পড়ুয়াও যদি ফুটবলের প্রতি আকৃষ্ট হয়, সেটাই স্কুলের কাছে বড় প্রাপ্তি হবে। সাউথ পয়েন্ট কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি অধিকাংশ অভিভাবকই।
তাঁরা মনে করছেন, শুধুমাত্র পরীক্ষার ফল নয়, বাচ্চাদের মধ্যে খেলাধুলার প্রতি আকর্ষণ ও দলগত মনোভাব গড়ে ওঠাও জরুরি। ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি হোক বা বিশ্বকাপ – ফুটবলপ্রেমী হিসেবে বাঙালিদের পরিচিতি দীর্ঘদিনের। এই আবহে শিক্ষকরাও স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এটি নিঃসন্দেহে পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে।








