অর্জুন সিংয়ের হস্তক্ষেপে জুলাইয়ে খুলছে রাজ্যের ৭টি জুট মিল, কর্মসংস্থান ২০ হাজার শ্রমিকের

শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উদ্যোগে জুলাইয়ে খুলছে রাজ্যের ৭টি বন্ধ জুট মিল। হুগলি, হাওড়া সহ ৪ জেলার ২০ হাজার শ্রমিক কাজ ফিরে পাচ্ছেন। বিস্তারিত জানুন।

Share:

ব্যুরো নিউজ, ৮ জুলাই ২০২৬ : রাজ্যের চটকল শ্রমিকদের জন্য এক বিরাট সুখবর। শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের (Arjun Singh) প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১০ জুলাইয়ের মধ্যে রাজ্যের বন্ধ থাকা ৭টি জুট মিল (Jute Mill) খুলতে চলেছে। এর ফলে প্রায় ২০ হাজার চটকল শ্রমিক তাঁদের কাজ ফিরে পাবেন। জানা গিয়েছে, গত মঙ্গলবার কলকাতার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে শ্রম দফতরে দিনভর ম্যারাথন বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উপস্থিতিতে হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান জেলার ইন্ডিয়া জুট, হেস্টিংস, গোন্দোলপাড়া, এম্পায়ার, লুমটেক্স, শক্তিগড় এবং হাওড়া জুট মিলের মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য সহ অন্যান্য পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে, আগামী ১০ জুলাইয়ের মধ্যে বন্ধ থাকা মিলগুলির কর্তৃপক্ষ ‘সাসপেনশন অব ওয়ার্ক’ তুলে নেওয়ার নোটিশ জারি করবে। এরপর মিলের অভ্যন্তরে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে এবং আগামী ১৬ জুলাই থেকে ধাপে ধাপে সবকটি মিলে পুরোদমে উৎপাদন কাজ শুরু হয়ে যাবে।

শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের এই জোরদার উদ্যোগ এবং শ্রম কমিশনারেটের আধিকারিকদের যৌথ প্রচেষ্টাকে রাজ্যের চটকল শ্রমিক এবং মালিক, দুই পক্ষই একযোগে সাধুবাদ জানিয়েছে। প্রসঙ্গত, বিজেপি ক্ষমতায় আসার আগে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, যা এই সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। পূর্ববর্তী তৃণমূল জমানায় একাধিক জুট মিল বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা ক্ষতির মুখে পড়েছিলেন।