সোদপুরে সাংসারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর, তারপর আত্মহত্যার চেষ্টা

সোদপুরে সাংসারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর, তারপর আত্মহত্যার চেষ্টা। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ তদন্ত শুরু করেছে।

Share:

ব্যুরো নিউজ, ৯ জুলাই ২০২৬ : উত্তর ২৪ পরগনার সোদপুরে এক ভয়াবহ খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাংসারিক বিবাদের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার পর আত্মহত্যার চেষ্টা করেন স্বামী। বুধবার সকালে সোদপুরের ফিউচার গেট এলাকার স্কুল রোডে এই নৃশংস ঘটনাটি ঘটে। প্রকাশ্য রাস্তায় এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম গীতা দাস, বয়স ৩৩ বছর। তিনি সোদপুরের নাটাগড় এলাকার মহেন্দ্রনগরের বাসিন্দা। অভিযুক্ত স্বামীর নাম সুভাষ দাস। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে সাংসারিক অশান্তি লেগেই থাকত। বুধবার সকালে ফের বচসা শুরু হয়। অভিযোগ, বচসার এক পর্যায়ে সুভাষ দাস একটি ধারালো ছুরি বের করে স্ত্রী গীতা দাসের পেটে একের পর এক কোপ বসিয়ে দেন। রক্তাক্ত অবস্থায় গীতা মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের মানুষ তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন। কিন্তু অভিযুক্ত তাঁদের দিকেও ছুরি নিয়ে তেড়ে যান। এরপর নিজের পেটেও ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা করেন সুভাষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী। গুরুতর আহত অবস্থায় দু’জনকেই উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা গীতা দাসকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় অভিযুক্ত সুভাষ দাস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অস্ত্রোপচার চলছে।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপ নগরপাল কার্তিক চন্দ্র মণ্ডল সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। খুনে ব্যবহৃত অস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় গোটা সোদপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।