ব্যুরো নিউজ, ৯ জুলাই ২০২৬ : নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে টলিউড তারকা প্রসেনজিৎ চ্যাটার্জির সাক্ষাৎ ঘিরে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ হিসেবে পরিচিত প্রসেনজিৎ কি এবার গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরে প্রসেনজিৎ চ্যাটার্জির বালিগঞ্জের বাড়িতে তাঁর ১৫ মিনিটের ঝটিকা সফর ঘিরেও কম জলঘোলা হয়নি। শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে শহরে এসেছিলেন অমিত শাহ।
সূত্রের খবর, বাংলা সিনেমায় বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী সম্মান গ্রহণের সময় দিল্লিতে অমিত শাহকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রসেনজিৎ। এই সাক্ষাতের পর অমিত শাহ নিজের এক্স হ্যান্ডলে প্রসেনজিতের সঙ্গে মোদি সরকারের জনমুখী প্রকল্প নিয়ে আলোচনার কথা জানান। এর উত্তরে প্রসেনজিৎও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন। রাজনৈতিক পালাবদলের পর ৪ মে রাজ্যে বিজেপি সরকার গঠিত হয় এবং ৯ মে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানেও প্রসেনজিৎ চ্যাটার্জির উপস্থিতি ছিল লক্ষণীয়।
শুধু প্রসেনজিৎ নন, নবান্নে উপস্থিত ছিলেন শতাব্দী রায়, ইউসুফ পাঠান, আবু তাহের ও খলিলুর রহমানের মতো ব্যক্তিত্বরাও। তবে প্রসেনজিৎ চ্যাটার্জির মতো একজন প্রথম সারির অভিনেতার এই ঘন ঘন রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ এবং রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিতি তাঁর বিজেপিতে যোগদানের জল্পনাকে আরও উসকে দিচ্ছে। যদিও প্রসেনজিৎ নিজে সরাসরি রাজনীতিতে আসার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।








