ব্যুরো নিউজ, ৯ জুলাই ২০২৬: গলায় তুলসীর মালা ও কপালে তিলক পরে স্কুলে আসায় একাদশ শ্রেণির এক ছাত্রীকে ট্রান্সফার সার্টিফিকেট (TC) দেওয়ার অভিযোগ উঠল পুরুলিয়ার একটি স্কুলের বিরুদ্ধে। পাড়া থানা এলাকার এই ঘটনা ঘিরে বর্তমানে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ছাত্রীর পরিবারের অভিযোগ, তাদের মেয়ে প্রতিদিন ধর্মীয় প্রতীক ধারণ করে স্কুলে যেত, যা নিয়ে স্কুল কর্তৃপক্ষ আপত্তি জানায়। বারবার নিষেধ সত্ত্বেও ছাত্রীটি তার সিদ্ধান্তে অনড় থাকায় তাকে টিসি ধরিয়ে দেওয়া হয়।
ছাত্রীর মা জানান, স্কুল থেকে তাকে ডেকে সরাসরি টিসি দেওয়া হয়। কারণ জানতে চাইলে শিক্ষিকারা কৈফিয়ত দিতে অস্বীকার করেন। তিনি টিসি গ্রহণ না করেই বাড়ি ফেরেন। এরপরই অভিযোগ ওঠে যে, স্কুলের তরফে ছাত্রীর মায়ের হোয়াটসঅ্যাপে টিসির একটি কপি পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনায় ক্ষুব্ধ পরিবার পাড়া থানায় স্কুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। তাদের অভিযোগ, এটি পড়ুয়ার ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ এবং ক্ষমতার অপব্যবহার। যদিও স্কুলের প্রধান শিক্ষিকা সুস্মিতা চার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তুলসীর মালা বা তিলকের জন্য ওই ছাত্রীকে আলাদা করে নিষেধ করা হয়নি। সকল পড়ুয়াদের মতোই তাকেও নিয়মশৃঙ্খলা মেনে চলতে বলা হয়েছিল।
প্রধান শিক্ষিকা আরও অভিযোগ করেন, ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার চেষ্টা হলেও ছাত্রীটি সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ভিডিও পোস্ট করে। এর প্রতিবাদ করায় ছাত্রীর পরিবার সহ প্রায় ২০০ জন তাঁর উপর চড়াও হন। তিনি জানান, এখনও ছাত্রীটিকে টিসি দেওয়া হয়নি এবং অভিভাবকদের সঙ্গে আলোচনার জন্য একটি বৈঠক ডাকা হয়েছে। এই ঘটনায় পুরুলিয়া জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।








