ব্যুরো নিউজ, ৯ জুলাই ২০২৬: ভারতের ডায়াবেটিস রোগীদের জন্য এক যুগান্তকারী খবর। ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারক সংস্থা নোভো নরডিস্ক (Novo Nordisk) সম্প্রতি ভারতে লঞ্চ করেছে বিশ্বের প্রথম সপ্তাহে একবার ব্যবহারযোগ্য বেসাল ইনসুলিন ‘Awiqli’ (Insulin Icodec)। এটি টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য বিশেষভাবে তৈরি। এই ইনসুলিন চালু হওয়ার ফলে প্রতিদিন ইনসুলিন নেওয়ার দীর্ঘদিনের ঝক্কি থেকে মুক্তি পাবেন রোগীরা। বছরে ৩৬৫টি ইনজেকশনের পরিবর্তে এখন মাত্র ৫২টি ইনজেকশনেই কাজ মিটে যাবে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, সারা বিশ্বের মধ্যে ভারতই প্রথম দেশ যেখানে এই সাপ্তাহিক বেসাল ইনসুলিন চালু করা হয়েছে। নোভো নরডিস্ক জানিয়েছে, ইনসুলিন থেরাপি শুরু করার ক্ষেত্রে রোগীদের মধ্যে যে অনীহা বা ভয় কাজ করে, বিশেষ করে রোজকার ইনজেকশনের কারণে, তা কমাতেই ‘Awiqli’ আনা হয়েছে। এর ফলে চিকিৎসা শুরু করতে যে বিলম্ব হয়, তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। ‘Awiqli’ ইনসুলিনের দামও বেশ সাশ্রয়ী। সংস্থাটি ৭০০ ইউনিটের একটি প্যাক ২,৬১১ টাকায় চালু করেছে, যা প্রতি ইউনিটে ৩.৭৩ টাকা। এটি বর্তমানের দৈনিক বেসাল ইনসুলিনের চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ সস্তা হবে বলে দাবি করা হয়েছে। দুটি ভ্যারিয়েন্টে এটি পাওয়া যাবে – ১ মিলি (৭০০ ইউনিট) এবং ৩ মিলি (২,১০০ ইউনিট)। আগামী সপ্তাহ থেকেই ভারতীয় বাজারে এটি উপলব্ধ হবে।
নোভো নরডিস্ক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর বিক্রান্ত শ্রোত্রিয়া জানিয়েছেন, ‘Awiqli’ রোগীদের চিকিৎসার বোঝা কমানোর পাশাপাশি ইনসুলিন থেরাপি গ্রহণে তাদের উৎসাহিত করবে। ONWARDS-1 ক্লিনিক্যাল প্রোগ্রামের তথ্য অনুযায়ী, এটি HbA1c কমানো এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে দৈনিক ইনসুলিনের চেয়ে ভালো ফল দেখিয়েছে।








