ব্যুরো নিউজ, ১৯ জুলাই ২০২৬ঃ যৌথ পরিবারে রেশন কার্ড সংক্রান্ত জটিলতা নিয়ে সরব হয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। সংগঠনের পক্ষ থেকে খাদ্য ও সরবরাহ দফতরের সচিবকে চিঠি পাঠিয়ে অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবি জানানো হয়েছে। অভিযোগ, পুরনো ডেটাবেসের ত্রুটির কারণে বহু যোগ্য উপভোক্তা রেশনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। জানা গেছে, রেশন কার্ডের ডেটাবেস তৈরির সময় বহু পরিবারকে যৌথভাবে নথিভুক্ত করা হয়েছিল। কিন্তু পরিবার ভাগ হলেও, তাদের রেশন কার্ড যৌথই রয়ে গেছে।
পরিবার বিভাজনের জন্য ব্যবহৃত ১৪ নম্বর ফর্ম ফিলাপ করে অনলাইনে বা অফলাইনে বর্তমানে এই বিভাজন সম্ভব হচ্ছে না। ফলে নথিপত্রে একই পরিবারের সদস্য হিসেবে বিবেচিত হওয়ায়, সচ্ছল সদস্য থাকলে অন্য যোগ্য সদস্যরা রেশনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক ক্ষেত্রে যোগ্য উপভোক্তাদের রেশন কার্ড নিষ্ক্রিয় বা বাতিলও করে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ ডিলারদের উপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন, যদিও এর পিছনে ডিলারদের কোনও হাত নেই। এই সমস্যা থেকে মুক্তি পেতে ফেডারেশন তিনটি মূল দাবি জানিয়েছে।
প্রথমত, ১৪ নম্বর ফর্মের মাধ্যমে পরিবার বিভাজন প্রক্রিয়া অনলাইনে ও অফলাইনে পুনরায় চালু করতে হবে। দ্বিতীয়ত, আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলিকে যৌথ প্রোফাইল থেকে সরাতে হবে। এবং তৃতীয়ত, ব্লক বা মহকুমা স্তরে বিশেষ অভিযোগ নিষ্পত্তি কেন্দ্র গড়ে তুলতে হবে। দ্রুত পদক্ষেপ না নিলে লক্ষ লক্ষ মানুষ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।








