ব্যুরো নিউজ, ২২ জুলাই ২০২৬ : সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও বর্ষার প্রভাবে বর্তমানে গোটা বাংলা জুড়েই চলছে ব্যাপক বৃষ্টিপাত। বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন ধরে লাগামছাড়া বৃষ্টি দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বৃহস্পতিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের তাণ্ডব চলতে পারে। অন্যান্য দিনের মতো সকাল থেকেই বাংলার আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে, সক্রিয় ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার কারণে দফায় দফায় ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। হাওয়া অফিসের জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমুদ্রপৃষ্ঠের ওপর অবস্থিত মৌসুমী অক্ষরেখা বর্তমানে বিকানের, বনস্থলী বিদ্যাপীঠ, গুনা, দামোহ, পেন্দ্রা রোড ও মেদিনীপুরের ওপর দিয়ে বিস্তৃত।
অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তন দেখা যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালের আবহাওয়া সম্পর্কে বললে, শুক্রবার দক্ষিণবঙ্গের নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।








