ব্যুরো নিউজ, ২৬ জুলাই ২০২৬:আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গেল। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। আজ রবিবার ছুটির দিন থেকেই এর প্রভাব স্পষ্ট। এই নিম্নচাপ আগামী দুই দিন একই এলাকায় অবস্থান করে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে।
হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, ভারী বৃষ্টির জন্য পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া ও হুগলীতেও মাঝেমধ্যে মাঝারি থেকে দু-এক পশলা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল, যেমন পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগণায় দফায় দফায় ভারী বৃষ্টিপাত হবে। পশ্চিমের জেলাগুলিতে প্রভাব বাড়বে দুদিন পর থেকে।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল সোমবারের জন্য বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পং জেলাতেও একই সতর্কতা থাকছে। সামগ্রিকভাবে, নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বর্ষার দাপট আরও বাড়বে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।








