ব্যুরো নিউজ, ২৭ জুলাই ২০২৬ : পশ্চিমবঙ্গের প্রশাসনিক কেন্দ্র নবান্নের ফলকের রঙে রাতারাতি বড়সড় পরিবর্তন এল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন সরকারি ভবনে নীল-সাদা রঙের বদলে গেরুয়ার প্রলেপ পড়ছিল। এবার সেই তালিকায় যুক্ত হল খোদ নবান্ন। ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যজুড়ে একের পর এক উন্নয়নমূলক কাজ চলছে। এর মধ্যেই নবান্ন ভবনের একেবারে উপরে থাকা ফলকটির রঙ নীল-সাদা থেকে বদলে গেরুয়া করা হয়েছে।
রাজ্যে পালাবদলের পর থেকেই নবান্ন ভবনকে গেরুয়া আলোয় সাজানো হয়েছিল। নতুন সরকারের আড়াই মাস পূর্ণ হওয়ার আগেই রাজ্যের একাধিক জায়গায় পূর্বতন সরকারের নীল-সাদা রঙের জায়গা দখল করেছে গেরুয়া। দীর্ঘ পনেরো বছর পর প্রশাসনিক ভবন নবান্নের ফলকের রঙও পরিবর্তিত হল। সোমবার সকালে নবান্ন ভবনের উপর থেকে নীল-সাদা ফলকটি উধাও হয়ে যায় এবং তার জায়গায় গেরুয়া রঙের নতুন ফলক স্থাপন করা হয়। যদিও নবান্নের মূল প্রশাসনিক ভবনটি এখনও নীল-সাদা রঙেই রয়েছে।
অনেকের মনেই প্রশ্ন, এবার কি তবে গোটা নবান্ন ভবনের রঙই গেরুয়া হয়ে যাবে? সরকারের তরফে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে কয়েকটি সূত্র দাবি করছে, বর্তমানে না হলেও ভবিষ্যতে রাজ্য সরকার গোটা নবান্ন ভবনের চেহারা পাল্টে দিতে পারে। নীল-সাদা রঙ সরিয়ে গেরুয়া রঙ করার সম্ভাবনা রয়েছে। এই পরিবর্তন রাজ্যের নতুন রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।








