ব্যুরো নিউজ, ২৭ জুলাই ২০২৬ : বিহারের সিওয়ানে NEET-UG প্রশ্নফাঁস ইস্যুতে ছাত্র বিক্ষোভ চলাকালীন AK-47 রাইফেল থেকে গুলি চালানোর অভিযোগ ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২৫ জুলাই ‘বিহার বন্ধ’-এর সময় ছাত্র সংগঠনগুলির প্রতিবাদ মিছিলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাঁধে। সেই সময় এক পুলিশকর্মীকে AK-47 হাতে গুলি চালাতে দেখা যায় বলে অভিযোগ।
এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তীব্র বিতর্কের সৃষ্টি হয়। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই বিহার পুলিশ সদর দপ্তর দ্রুত পদক্ষেপ নেয়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযুক্ত পুলিশকর্মী অভিষেক প্যাটেলকে সাসপেন্ড করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, কোন পরিস্থিতিতে এবং কেন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে সরকারি সূত্রে খবর। আহতদের মধ্যে ১৫ বছরের মহম্মদ আরিফ নামের এক কিশোরের গলায় গুলি লাগে। পাটনার একটি হাসপাতালে অস্ত্রোপচার করে তার শরীর থেকে বুলেট বের করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ছাত্রদের উপর গুলি চালানোর এই ঘটনায় রাজনৈতিক চাপও বাড়ছে।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই ঘটনার তীব্র নিন্দা করে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে ছাত্রদের দমনের অভিযোগ তুলেছেন। একইসঙ্গে, রাজ্যসভার সাংসদ মনোজ কুমার ঝাঁ এই ঘটনায় সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন, যা এই বিতর্কের আইনি দিককে আরও জোরালো করেছে। বিহার পুলিশের তরফে জানানো হয়েছে, ভাইরাল ভিডিওর সত্যতা এবং পুলিশের বলপ্রয়োগের প্রয়োজনীয়তা খতিয়ে দেখা হচ্ছে।








