ব্যুরো নিউজ, ২৭ জুলাই ২০২৬ : কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে, জমি দখল সংক্রান্ত একটি মামলায় প্রাক্তন বিধায়ক অতীন ঘোষকে মামলা বিচারাধীন থাকাকালীন গ্রেপ্তার করা যাবে না। রাজ্যকে এই বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। আজ, সোমবার, অতীন ঘোষের আগাম জামিন মামলার শুনানি ছিল, যা মঙ্গলবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সময়ে তৃণমূল নেতাকে যাতে গ্রেপ্তার করা না হয়, তা পুলিশকে নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এদিন মামলার শুনানিতে বিচারপতি পুলিশের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তোলেন।
তিনি পর্যবেক্ষণ করেন যে, রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার পরই কেন দুমদাম করে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে, এমন ঘটনা অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে। বিচারপতি আরও বলেন, “রক্ষাকবচের মেয়াদ শেষ হলে এক দিনের মধ্যে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে। অনেক ঘটনাতেই তা দেখা যাচ্ছে।” আদালতের উপর আস্থা নেই কি না, সেই প্রশ্নও তোলেন বিচারপতি। রাজ্যে পালাবদলের পর প্রাক্তন বিধায়ক তথা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের বিরুদ্ধে জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়।
শুধু অতীন ঘোষ নয়, এই মামলায় তাঁর মেয়ে প্রিয়দর্শিনী ঘোষেরও নাম জড়ায়। এই মামলায় বেশ কিছুদিন আগে কাশীপুর-বেলগাছিয়ার প্রাক্তন বিধায়ককে বিধাননগর উত্তর থানা তলব করে। এরপরই তিনি আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে। এই নির্দেশ অতীন ঘোষের জন্য একটি সাময়িক স্বস্তি এনেছে, তবে মামলার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।








