ব্যুরো নিউজ, ২৮ জুলাই ২০২৬ : লোকসভায় NEET-UG প্রশ্নফাঁস এবং ছাত্র আন্দোলন নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। ছাত্র বিক্ষোভ দমনে AK-47 এবং পেলেট গান ব্যবহারের অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন, ‘ওরা কি জঙ্গি? ছাত্রদের সঙ্গে এমন আচরণ কেন?’
দেশের তরুণ সমাজ ও ছাত্র আন্দোলনকারীদের উপর পুলিশের বলপ্রয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি স্পষ্ট ভাষায় জানান, কেন্দ্রীয় সরকারকে অবশ্যই তরুণদের কাছে জবাবদিহি করতে হবে। সংসদের বাদল অধিবেশনের সপ্তম দিনে লোকসভায় বক্তব্য রাখার সময় প্রিয়াঙ্কা প্রশ্ন তোলেন, ‘সরকার দেশের তরুণ সমাজকে এত ভয় পাচ্ছে কেন?’ কংগ্রেস সাংসদের কথায়, দেশের তরুণ-তরুণীরা শান্তিপূর্ণভাবে নিজেদের ভবিষ্যৎ ও পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে আন্দোলন করছিলেন। তাঁদের দমাতে পুলিশ AK-47 ও পেলেট গান ব্যবহার করেছে বলে তিনি আবারও অভিযোগ তোলেন। প্রিয়াঙ্কা বলেন, ‘AK-47, পেলেট গান! ওরা কি সন্ত্রাসবাদী? তারা তো দেশের ছাত্র।’ কংগ্রেস সাংসদ কেন্দ্রের কাছে জানতে চান, ছাত্রদের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপের অনুমোদন কে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে তিনি প্রশ্ন করেন, ২০ জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, টিয়ার গ্যাস, ওয়াটার ক্যানন, পেলেট গান এবং একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রী নাকি প্রধানমন্ত্রী? দেশের যুবসমাজের উপর পেলেট গান চালানোর কী প্রয়োজন ছিল?
আন্দোলনে আসা তরুণীদের অপমান করা, তাঁদের পোশাক ছিঁড়ে ফেলা এবং এমন নৃশংস ও অমানবিক আচরণ করার কী প্রয়োজন ছিল? প্রিয়াঙ্কার দাবি, গত দশকে ১৫২ বার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সাড়ে সাত কোটি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ কোনো প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়াকে শাস্তি দেওয়া হয়নি। সরকারের উচিত ছিল ছাত্রদের সঙ্গে আলোচনায় বসা, কিন্তু তার পরিবর্তে দমনমূলক পদক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।








