ব্যুরো নিউজ, ২৯ জুলাই ২০২৬ : মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার জেরে ফের একবার মধ্যবিত্তের পকেটে টান। পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম আবারও বৃদ্ধি পেল। জানা গিয়েছে, প্রতি লিটার পেট্রোলের দাম ১.৬৩ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ১.৫৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। এই আকস্মিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ক্রেতা এবং মধ্যবিত্তের কপালে নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে।
সূত্রের খবর অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম ১.৬৩ টাকা বাড়ার পর নতুন রেট দাঁড়িয়েছে ৩৩৫.৮১ টাকা। এর পাশাপাশি, প্রতি লিটার ডিজেলের দাম ১.৫৫ টাকা বাড়ায় নতুন রেট দাঁড়িয়েছে ৩৮৮.৩৮ টাকা। এমনকি দেশটির সরকার পেট্রোলের উপর প্রতি লিটারে ১১০ টাকা এবং ডিজেলের উপরে ৯৬ টাকা কর ও শুল্ক আরোপ অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, পূর্বে যুদ্ধের কারণে পেট্রোল-ডিজেল আমদানি ব্যাহত হওয়ায় ডিজেলের দাম ৫২০.৩৫ টাকা পর্যন্ত পৌঁছেছিল, যেখানে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে ডিজেলের দাম ছিল ২৮১ টাকা প্রতি লিটার। অন্যদিকে, পেট্রোলের দাম ২৬৬ টাকা থেকে বেড়ে ৪৫৮.৪১ টাকায় দাঁড়িয়েছিল। তবে সম্প্রতি যুদ্ধ কিছুটা স্তিমিত হওয়ার কারণে জ্বালানির দাম কিছুটা কমেছিল। কিন্তু ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা তৈরি হওয়ায় আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ বিষয়ে সম্প্রতি পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক জানিয়েছেন, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার উপর ভিত্তি করেই এখন থেকে দেশের বাজারে জ্বালানির দাম নির্ধারণ করা হবে। যদিও সরকার মার্চ মাসের শুরু থেকে সাপ্তাহিক ভিত্তিতেই তেলের দাম পুনঃনির্ধারণ করছিল। তবে আজকের এই দাম বৃদ্ধি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণিকে যে সরাসরি প্রভাবিত করবে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষজ্ঞরা অনুমান করছেন, দেশটির অর্থনৈতিক অবস্থা নিয়ন্ত্রণে এলে হয়তো পেট্রোল এবং ডিজেলের দাম আবারও কমতে পারে।








