আইআইটি খড়্গপুরে অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য ক্যাম্পাসে

আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক ড. দীপক রেড্ডি পুল্লাগুরামের ঝুলন্ত দেহ উদ্ধার। তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

ব্যুরো নিউজ, ২৯ জুলাই ২০২৬ : আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে এক সহকারী অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত অধ্যাপকের নাম ড. দীপক রেড্ডি পুল্লাগুরাম, বয়স ৩৬ বছর। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। হায়দরাবাদের বাসিন্দা দীপক কর্মসূত্রে ক্যাম্পাসের ২ বিআর-১৪ নম্বর কোয়ার্টারে একাই থাকতেন।

পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ নিরাপত্তারক্ষীদের কাছ থেকে খবর পেয়ে খড়্গপুর টাউন থানার অন্তর্গত হিজলি ফাঁড়ির পুলিশ ওই কোয়ার্টারে পৌঁছয়। সেখানেই অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এরপর তাঁকে আইআইটি ক্যাম্পাসের বি সি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ দ্রুত কোয়ার্টারের রুমটি সিল করে দিয়েছে এবং মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খড়্গপুর) বুশরা বানো জানিয়েছেন, “এক অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।” প্রাথমিকভাবে পারিবারিক বা অন্য কোনও ব্যক্তিগত সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। এর আগে খড়্গপুর আইআইটিতে বেশ কয়েকজন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার এক অধ্যাপকের মৃত্যুতে পড়ুয়া ও শিক্ষক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনা ক্যাম্পাসের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে।