ব্যুরো নিউজ, ১০ আগস্ট ২০২৬ : পুলিশি হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে উত্তাল পরিস্থিতির মধ্যেই উত্তর ২৪ পরগনার নিহতের বাড়িতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি কেবল সমবেদনা জানাননি, একইসঙ্গে প্রশাসনিক পদক্ষেপ ও আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, হেফাজতে মৃত্যু কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
সোমবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করার পর শুভেন্দু অধিকারী বলেন, “থানার লকআপে বা হেফাজতে যে মৃত্যু হয়েছে, তা দিনের আলোর মতো পরিষ্কার। পুলিশের গাফিলতি রয়েছে, কারণ তাদের কাস্টডিতেই মৃত্যু হয়েছে।” এই ঘটনার দায় স্বীকার করে প্রাথমিকভাবে ওই থানার আইসি-কে ক্লোজ করার এবং তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিবারের ভবিষ্যতের কথা ভেবে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে মৃতের স্ত্রীর হাতে ১০ লক্ষ টাকার একটি চেক তুলে দেন। তিনি পরামর্শ দেন, ওই টাকা যেন সন্তানদের নামে ফিক্সড ডিপোজিট করে তাদের পড়াশোনার খরচ চালানো হয়। এছাড়াও, মৃতের স্ত্রীর জন্য রাজ্য সরকারের হোম মিনিস্টারের কোটায় ‘অ্যাটেনডেন্ট’ পদে চাকরির ব্যবস্থা করা হয়েছে, যা ১২ মাস পর গ্রুপ-ডি পদে স্থায়ী হবে।
তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সাধারণত এসডিও লেভেলে তদন্ত হলেও, ঘটনার গুরুত্ব বুঝে উত্তর ২৪ পরগনার জেলাশাসককে এর দায়িত্ব দেওয়া হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট ও ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারির সুপারিশের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। ডিজিপি এবং হোম সেক্রেটারি ব্যক্তিগতভাবে পুরো বিষয়টি নজরদারি করবেন।








