ব্যুরো নিউজ, ১৩ আগস্ট ২০২৬ : ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত একটি আন্তর্জাতিক সালিশি মামলায় রাশিয়ার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়েছে। তিনি আন্তর্জাতিক সালিশি ট্রাইবুনালে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন। ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত ব্যাংক ওশাদব্যাংকের দায়ের করা একটি বড় বিনিয়োগ সংক্রান্ত বিরোধের শুনানিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবেন তিনি।
ওশাদব্যাংকের অভিযোগ, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের পর ইউক্রেনের ডোনেৎস্ক, লুহানস্ক, খেরসন সহ একাধিক অঞ্চলে তাদের সম্পত্তি ও ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংকটি দাবি করেছে, যুদ্ধের কারণে ওই এলাকাগুলোতে ব্যবসা পরিচালনা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে, যার ফলে প্রায় ৪৬০ মিলিয়ন মার্কিন ডলারের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। এর মধ্যে ৩৯৭ মিলিয়ন ডলার সরাসরি ক্ষতি হয়েছে বলেই দাবি ব্যাংকটির।
এই মামলাটি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ১৯৯৮ সালে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির আওতায় আনা হয়েছে। প্রাক্তন প্রধান বিচারপতি হিসেবে ডি ওয়াই চন্দ্রচূড়ের দীর্ঘ অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক আইন ও বিচারব্যবস্থা সম্পর্কে গভীর জ্ঞান থাকার কারণেই এই নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই মামলায় তিনি শুধুমাত্র রাশিয়ার মনোনীত একজন মধ্যস্থতাকারী হিসেবেই দায়িত্ব পালন করবেন।








