ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: মধ্যপ্রাচ্যে ফের বাড়ল আমেরিকা ও ইরানের সংঘাতের উত্তাপ! মার্কিন F-16 যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করল ইরানের সেনাবাহিনী। তেহরানের দাবি, পারস্য উপসাগরের আকাশে মার্কিন যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে হামলা চালায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় বিমানটি। এরপর মিশন বাতিল করে আঞ্চলিক একটি বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। তবে ইরানের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে আমেরিকা।
ইরানের সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় পারস্য উপসাগরের আকাশে একটি মার্কিন F-16 যুদ্ধবিমান শনাক্ত করে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরপর বিমানটিকে অনুসরণ করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইরানের দাবি, বিমানটির কাছাকাছি ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হওয়ায় সেটি ক্ষতিগ্রস্ত হয় এবং পাইলটকে জরুরি অবতরণ করতে হয়।
কিন্তু ইরানের এই দাবিকে সরাসরি নস্যাৎ করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা CENTCOM। তাদের বক্তব্য, ইরান কোনও মার্কিন F-16 যুদ্ধবিমানে হামলা চালায়নি। মধ্যপ্রাচ্যে মোতায়েন সমস্ত মার্কিন যুদ্ধবিমান নিরাপদ রয়েছে এবং সেগুলির অবস্থান সম্পর্কে সামরিক কর্তৃপক্ষ অবগত।
সব মিলিয়ে, F-16-কে ঘিরে তেহরান ও ওয়াশিংটনের পরস্পরবিরোধী দাবি মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। তবে যুদ্ধবিমানটি সত্যিই ক্ষতিগ্রস্ত হয়েছিল কি না, তা নিয়ে এখনও স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য সামনে আসেনি।









