ব্যুরো নিউজ, ১৩ আগস্ট ২০২৬: আরজি কর মেডিক্যাল কলেজের ছাত্রী অভয়ার দেহ তড়িঘড়ি দাহ করার ঘটনায় এবার গ্রেপ্তার হলেন পানিহাটি পুরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার রাতে চিনার পার্ক থেকে সঞ্জীবকে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হবে।
গত ৯ আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভয়ার দেহ তড়িঘড়ি দাহ করার ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এরপরই আরজি করের নির্যাতিতার বাবা নতুন করে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম ছিল। তাঁর অভিযোগ, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে শ্মশান ঘাটে দ্রুত দেহ দাহ করার ব্যবস্থা করা হয়েছিল। এই মামলার তদন্তে নেমে প্রথমে ওডিশার পুরী লাগোয়া এলাকা থেকে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ট্রানজ়িট রিমান্ডে রাজ্যে আনা হচ্ছে এবং শুক্রবার ব্যারাকপুর আদালতে হাজির করা হবে।
নির্মল ঘোষের মেয়ে অবশ্য তাঁর বাবাকে রাজনৈতিক চক্রান্তের শিকার বলে দাবি করেছেন। পুলিশ সূত্রে খবর, অভয়ার প্রতিবেশী হওয়ায় সঞ্জীব মুখোপাধ্যায় দেহ সৎকারে কেন এত সক্রিয় হয়ে উঠেছিলেন, তা নিয়ে অভয়ার পরিবার প্রশ্ন তুলেছিল। অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের ফলে অভয়া কাণ্ডে নতুন মোড় এসেছে বলে মনে করা হচ্ছে।







